শেয়ারের দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছে না কয়েকটি কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির কর্তৃপক্ষ তাদের কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছে। এরপরও বাড়ছে কোম্পানিগুলোর শেয়ারের দাম। কোম্পানিগুলো হলো- বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, মাইডাস ফাইন্যান্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডসের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির মতো কোন কারণ নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। কোম্পানিটি আরও জানায়, অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের ব্যবসা চলছে। কোম্পানিটি ব্যাংক থেকে কোনো ঋণ সুবিধা পায়নি। এমনকি ২০১৫ সালে বন্যা ক্ষতির জন্য বিমা দাবি না পেয়ে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এ ধরনের তথ্য দেয়া হলেও সোমবারও বিডি ইলেক্ট্রোডের শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১০ টাকা ৪০ পয়সা। যা সোমবার ১৪ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

এদিকে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোন অপ্রকাশিত তথ্য রয়েছে কীনা তা জানতে চেয়ে ডিএসইর পাঠানো নোটিশের প্রেক্ষিতে মাইডাস ফাইন্যান্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, এমন কোন তথ্য নেই। গত ১১ ডিসেম্বর থেকে মাইডাসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ১৫ ডিসেম্বর থেকে টানা বাড়ছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।


ইত্তেফাক/এমআই