জামালপুর পৌর এলাকার রানীগঞ্জ যৌনপল্লী থেকে একটি মেয়ে(২২)কে গত রবিবার গভীর রাতে উদ্ধার করেছে জামালপুর পুলিশ। এ ঘটনায় যৌনপল্লীর সর্দারনী শান্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, যৌনপল্লীর সর্দারনী শান্তির ঘরে একটি মেয়ের কান্নাকাটি আর মিনতি শুনতে পেয়ে জনৈক্য ব্যক্তি সুকৌশলে মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় নিশ্চিত হন। পরে ওই ব্যক্তি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তেলীপাড়া গ্রামে মেয়েটির বাবাকে ফোনে সংবাদ দেন। খবর পেয়ে মেয়েটির বাবা জামালপুর এসে প্রথমে পৌরসভার প্যানেল মেয়র রাজিব সাহার সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয় এনজিও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমকে বিষয়টি অবগত করলে তিনি জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহানের কাছে মেয়েটি উদ্ধারের জন্য আবেদন জানান। ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।
উল্লেখ্য যে, মেয়েটি ঢাকায় গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করতো। লতিফ নামের এক নারী ব্যবসায়ী দু’মাস আগে মেয়েটিকে প্রেমের ছলনা করে সুকৌশলে এনে জামালপুর রানীগঞ্জ পতিতাপল্লীতে বিক্রি করে দেয়।
জামালপুর সদর থানার ওসি(তদন্ত) কাজী শাহনেওয়াজ গঠনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএন