ইংলিশ মিডিয়ামে ভ্যাট অবৈধ ঘোষণার রায় স্থগিত

 
ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ২৯ জানুয়ারি বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
 
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
এর আগে গত ১২ ডিসেম্বর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
 
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
 
পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।
 
২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ দশমিক  ভ্যাট আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল করেন হাইকোর্ট। দুই অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ইংলিশ মিডিয়াম স্কুলের দুইজন শিক্ষার্থীর অভিভাবক ফাইজুল ইসলাম ও সেলিম আজম ভ্যাট প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।
 
রিট আবেদনে বলা হয়, ভ্যাট আরোপের কারণে ইংলিশ মিডিয়াম শিক্ষার সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া এটি বৈষম্যমূলকও। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর সরকার ভ্যাট আরোপ করেছিল তা  প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ওপর ভ্যাট আরোপ ন্যায়সঙ্গত নয়।
 
 
ইত্তেফাক/এএসএস