টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ১৪নং হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিনামূল্যের বই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছে টাকা দিয়ে বই নেয়া বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকরা।
হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শ্রেণীভিত্তিক ৩০ থেকে ৫০ টাকার বিনিময়ে সরকারি বিনামূল্যের বই নিতে হচ্ছে। যারা টাকা দিতে পারেনি তারা বই নিতে পারছে না।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরোজার অভিভাবক আজমত আলী বলেন, ‘আমার মেয়ের বই নিতে শিক্ষকদের ৪০ টাকা দিতে হয়েছে। অথচ বইগুলো বিনামূল্যে দেয়ার কথা।’
একই বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক শফিকুল ইসলাম জানান, মেয়ের কাছ থেকে বই এবং ভর্তি বাবদ শিক্ষকরা ৯০ টাকা নিয়েছেন। প্রায় সবার কাছ থেকে টাকা নিয়ে বই দেয়া হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টের সময় যে টাকা লাগবে তা এখান থেকেই খরচ করা হবে।’
বিদ্যালয়ের সভাপতি বছির উদ্দিন বলেন, ‘আগের সভাপতিরাও বই বিতরণের সময় টাকা নিত। এ টাকাটা বার্ষিক খেলাধুলায় খরচ করতে হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন বলেন, ‘বই বিতরণের সময় কোনো প্রকার টাকা নেয়ার নিয়ম নেই। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পরই প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ