হতাহতদের তথ্য জানতে কন্ট্রোলরুম খুলেছে পুলিশ

রাজধানীর বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের জন্য কন্ট্রোল রুম খুলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই কন্ট্রোল রুমের তত্ত্বাবধান করছে বনানী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে এফ আর টাওয়ারের পেছনের দিকে সফুরা টাওয়ারের নিচে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।  কন্ট্রোল রুমে নিখোঁজ থাকা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবেন স্বজনেরা। একইসঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস বা যৌথবাহিনীর দ্বারা যারা উদ্ধার হচ্ছেন তাদের বিস্তারিত তথ্যও থাকছে এখানে।

ঘটনাস্থল পরিদর্শনকালে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, কোনো ধরনের তথ্য বিভ্রাট যেন না হয় সেজন্য আমরা এই কন্ট্রোল রুম খুলেছি।

কন্ট্রোলরুমে দায়িত্বপালনকারী পুলিশ পরিদর্শক ইয়াসিন গাজী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত (রাত পৌনে ৯টা) ১৮ জন নিখোঁজের তথ্য নিবন্ধন করিয়েছে তাদের স্বজনেরা। উদ্ধার হয়ে হাসপাতালে বা অন্য কোথাও আছেন এমন ৭৩ জনের তথ্য আছে আমাদের কাছে। নিখোঁজদের বিষয়ে কিছু জানতে পারলে আমরা দ্রুত সময়ে  তাদের স্বজনদের কাছে তথ্য পৌঁছে দেব।