কালীগঞ্জে মুক্তিযোদ্ধা হাসু মেম্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 
গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী হাসুর (৭০) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নামাজে জানাজা শেষে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীয়াখোলা জামে মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।
 
এর আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা পুলিশের বিশেষ ফোর্স তাকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।
 
বীর মুক্তিযোদ্ধা হাসান আলী হাসু বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সেনা সদস্য এবং উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। রবিবার দিবাগত রাতে রাজধানীর সিএমআই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বাক্কু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/এএম।