কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২

 
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের ভূয়াই বাজার নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
 
জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে জুড়ী থেকে কুলাউড়াগামী একটি মালবাহী ট্রাক (সিলেট-ড-১১-০১১৯) ভূয়াই বাজার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ীর সামনের অংশ ভেঙে জুড়ী উপজেলা মনতৈল গ্রামের বারিক মিয়ার পুত্র ট্রাক চালক সাজিদ মিয়া (৩৫) ও একই গ্রামের ইউনুছ আলীর পুত্র হারুন মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অপরজন শ্রমিক একই গ্রামের চেরাগ মিয়ার পুত্র আলাউদ্দিনকে (৩২) উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মারাত্মক আহত অবস্থায় তাকে উন্নত চিকিত্সার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/এএম।