গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাংনী উপজেলার বাওট  বাসষ্ট্যান্ড নামক স্থানে সবজি বোঝায় মিনি ট্রাকের ধাক্কায় রিম্পা খাতুন  (০৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 
নিহত রিম্পা খাতুন গাংনী উপজেলার বাওট গ্রামের দিনমজুর ভ্যানচালক মিনারুল ইসলামের মেয়ে ও বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রিম্পা খাতুন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট রাস্তার পার্শ্বের দোকানে কেরোসিন তেল নেয়ার জন্য গিয়েছিল। দোকানদারকে না পেয়ে রাস্তার ওপাশে ডাকতে গিয়ে ফিরে আসার পথে কুষ্টিয়া গামী সবজি বোঝাই দ্রুতগতির মিনি ট্রাক এইচএন পরিবহন (যার নং ঝিনাইদহ ট-১১-১৩) রিম্পাকে ধাক্কা দেয়। এতে  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিম্পা মারা যায়। মরদেহ থানায় নেওয়া হয়েছে।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন