চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার মজিবসহ দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চার রাউন্ড বন্দুকের কার্তুজ ও পাঁচটি রামদা-কিরিজ উদ্ধার করা হয়। 
 
বুধবার ভোর রাতে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের তাইজ উদ্দিন অজির বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- এসআই এনামুল, কনস্টেবল কৃষ্ণ ও সিরাজ। 
 
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধরার জন্য অভিযান চালালে ডাকাত সদস্যরা আমাদের ওপর আক্রমন করে। পুলিশ প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ গুলি করে। ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত মজিব ও হাবু সরদারের লাশ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, স্বর্ণ দোকানে লুট ও একটি (ইতি বেগম) হত্যা মামলা রয়েছে।' 
 
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
 
 
ইত্তেফাক/কেকে