চোখের দৃষ্টিতে আগুন নেভে না

বাইশ তলা ভবনে আগুন জ্বলছে। এর চারপাশে হাজার হাজার মানুষ। সবার দৃষ্টি ওপরে। আগুন নেভানো এবং উদ্ধার অভিযানে যুক্ত থাকা কর্মীদের হিমশিম অবস্থা। জায়গা মতো পৌঁছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দমকল বাহিনীর লোকজন তাদের যন্ত্রপাতি নিয়ে সমস্যায় পড়েন। তীব্র সাইরেন বাজিয়ে সরানো যাচ্ছে না উত্সুক জনতাকে। অগ্নিকাণ্ডের পর প্রতিনিয়ত যা ঘটে, গতকালও তার ব্যতিক্রম ছিল না। বনানীর এফ আর ভবনের দু’পাশের রাস্তা একপ্রকার বন্ধ হয়ে যায় মানুষের চাপে। অগ্নিনির্বাপক যন্ত্র নেয়া তো দূরের কথা, জরুরি সেবার এম্বুলেন্স নিয়েও যাওয়া যাচ্ছিল না ভবনের কাছে। আগুন লাগার দীর্ঘ সময় এফ আর টাওয়ারের আশপাশ  কর্ডন করেনি কোনো বাহিনী। আগুন লাগার পর ওই ভবনে আটকে পড়া স্বজনরা যেমন সেখানে ছুটে গেছেন, সাথে সাথে আশপাশের এলাকার লোকজনও সেখানে গিয়ে উপস্থিত হন। এর ফলে মানুষের ভিড় সামলাতে পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে  হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই জায়গাটিকে ঘিরে রাখেন। প্রয়োজনীয় ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে দেখা গেছে এ নিয়মটি পালন করা হয় না। এতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়। এজন্য জনগণের সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তবে আশার কথা হচ্ছে, সাম্প্রতিকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকে এ নিয়ে সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন। জনপ্রিয় সামাজিক মাধ্যম ইয়ারকি তাদের এক পোস্টে বলেছে- ‘চোখের দৃষ্টি দিয়ে আগুন নেভে না, দমকল বাহিনীকে তাদের কাজ করতে দিন’।