গাংনীতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের ভোমরদহ সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাংনীর বামুন্দী পুলিশ ফাঁড়ি। এ সময় ফেনসিডিল বহনকারী আলমসাধুটি জব্দ করা হয়েছে। তবে ফেনসিডিল পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
 
বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার বেলা দেড়টার দিকে এ উপজেলার জোড়পুকুরিয়া-ভোমরদহ রাস্তার বাবু ঠাকুরের বাড়ির পাশ থেকে বস্তাভর্তি ফেনসিডিলগুলো উদ্ধার করেন।
 
বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের নবাব আলীর ছেলে ফেনসিডিল ব্যবসায়ী এরশাদ আলী ফেনসিডিলের একটি চালান নিয়ে জোড়পুকুরের দিকে যাচ্ছেন এমন সংবাদে সেখানে পুলিশের একটি টিম অবস্থান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ী এরশাদ পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার হয়।
 
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী এরশাদ আলীর নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত ফেনসিডিল গাংনী থানায় জমাদানের প্রস্তুতি চলছে বলে জানান এসআই আব্দুল হান্নান।
ইত্তেফাক/এএম।