ইন্দোনেশিয়ার জাতীয় নীতি ‘পঞ্চশীলা’র জন্য অবমাননাকর হওয়ায় অস্ট্রেলিয়ার সাথে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে দেশটি। বুধবার সামরিক মুখপাত্র মেজর জেনারেল উরজান্তো জানান, ইন্দোনেশিয়া গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ‘প্রযুক্তিগত কারণে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সাথে সব ধরনের সহযোগিতা আমরা সাময়িকভাবে স্থগিত করেছি।’ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা দেখা গিয়েছে, তবে সম্পর্ক উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল।
ইন্দোনেশিয়ার একটি সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইন্দোনেশিয়ার স্পেশাল ফোর্সের একজন কমান্ডার অস্ট্রেলীয় সেনাবাহিনীর ভাষা অনুশীলন কেন্দ্রে এমন কোর্স ম্যাটেরিয়াল পেয়েছেন যা ইন্দোনেশিয়ার মৌলিক আদর্শ ‘পঞ্চশীলা’র বিরোধী। সংস্কৃত থেকে উদ্ভূত পঞ্চশীলা শব্দের অর্থ ‘পাঁচটি মূল নীতি’ যার মধ্যে রয়েছে একেশ্বরবাদ, ন্যায় ও সভ্য মানবতাবাদ, ইন্দোনেশিয়ার ঐক্য ও সবার জন্য সামাজিক ন্যায়বিচার।
ইন্দোনেশিয়ায় এই পাঁচনীতির বিরোধিতা করা বেআইনি। উদাহরণস্বরূপ, প্রথম মূলনীতির কারণে ইন্দোনেশিয়ায় নাস্তিক হওয়া বেআইনি। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মারিজ পেইন এক বিবৃতিতে বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় ভাষা শিক্ষার একটি ট্রেনিং সেন্টারের কোর্স ম্যাটেরিয়াল নিয়ে প্রশ্ন করেছিলেন এক ইন্দোনেশীয় সেনা কর্মকর্তা। অস্ট্রেলীয় সেনাবাহিনী সেটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে যা এখন শেষ পর্যায়ে রয়েছে।
ইত্তেফাক/এসএসএ