ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে ছয় মামলার সম্পূরক চার্জশিট

 
নিয়োগ কেলেঙ্কারির ছয় মামলায় সম্পূরক চার্জশিটে আসামি করা হলো বরখাস্ত হওয়া রেলওয়ের পূবাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধাকে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতটি মামলার মধ্যে এ পর্যন্ত ছয়টি মামলার সম্পূরক চার্জশিটে তাকে আসামি করা হয়েছে।
 
এর আগে মূল অভিযুক্ত ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছিল দুদক। ওই চার্জশিটে একজন পরীক্ষককে আসামি করা হয়েছিল। যিনি রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছিলেন। তাকে কিছু নিয়োগপ্রার্থীর রোল নম্বর দিয়ে তাদের নম্বর বাড়িয়ে দেয়ার জন্য বলা হয়েছিল। আর এর পেছনে ছিলেন ইউসুফ আলী মৃধা। তিনি এ নিয়ে আদালতে দ্বারস্থ হলে মামলার অধিকতর তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়। আদালতের নির্দেশমতো দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে স্বাক্ষ্য-স্মারক কমিশনে জমা দেন তিনি। পরে তা অনুমোদন দেয়া হয়।
 
এর আগে রেলওয়ের সহকারী লোকো মাস্টার নিয়োগে দুর্নীতির মামলায়ও ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছিল দুদক। হাইকোর্টের নির্দেশের পর ওই মামলায়ও তাকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।
 
২০১২ সালের ৯ এপ্রিল রাতে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ধানমণ্ডির বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ বিজিবির হাতে আটক হন পূর্বাঞ্চল রেলওয়ের জিএম ইউসুফ আলী মৃধা, রেলমন্ত্রীর পিএস ওমর ফারুক দেওয়ান ও মৃধার এক সহযোগীসহ তিনজন। তবে ওই রাতে বস্তাভর্তি টাকা ধানমণ্ডিতে একটি ব্যাংকের হিসাবে জমা রেখে তিনজনকেই ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। তোপের মুখে পড়েন সুরঞ্জিত সেনগুপ্ত।
ইত্তেফাক/এএম।