টাঙ্গাইলে ৩ বিষয়ের বই পায়নি প্রাথমিকের শিক্ষার্থীরা

টাঙ্গাইলের ৫ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৯২ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ৩ বিষয়ের বই এখনো পাইনি। বই না পেয়ে হতাশ কোমলমতি শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, আগামী সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। 
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও ধর্ম শিক্ষা বই এখনো ছাত্র-ছাত্রীদের নিকট পৌঁছেনি। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে হতাশা। 
 
কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মজনু বলেন, ‘অনেক অভিভাবক বই না পাওয়ায় বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’   
 
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, জেলার ৫ উপজেলায় তিনটি বিষয়ের বই বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বইগুলো ছাত্র-ছাত্রীরা পেয়ে যাবে।
 
ইত্তেফাক/ইউবি