ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের তাতীরপায়ার গ্রামে মঙ্গলবার ভাগ্নে আব্দুস সামাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তার মামা আজিবুর রহমান (৫০)।
প্রত্যক্ষরা জানান, আজিজুর রহমানের সঙ্গে তার ভাগ্নে আব্দুস সামাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরীপুর অঞ্চল আদালতে মো. আজিজুর রহমানের দায়েরকৃত মামলাটি খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মো. আজিজুর রহমান ও তার ছেলে রুবেল মিয়া মঙ্গলবার আব্দুস সামাদের দুটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। বিক্ষুব্ধ গ্রামবাসী এ সময় আজিজুর রহমানকে আটক করে পুলিশে সোর্পদ করে।
আব্দুস সামাদ বলেন, ‘তার মামা আজিজুর রহমান ইতোমধ্যে জমি সংক্রান্ত বিরোধে দুটি মামলা করেছেন। মামলায় হেরে আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন।’
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহ্ম্মদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি