রামগড়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৩

খাগড়াছড়ির রামগড়ে বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলার সিনেমা হল এলাকায় পৌঁছালে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা বাধা দেন। র‌্যালিতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময়  তিন পুলিশ সদস্য  ১৩ জন আহত হন। পুলিশ সদস্য মনির খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় অফিসে যাওয়ার সময় সিনেমা হল এলাকায় ছাত্রলীগের অপর গ্রুপ তাদের ওপর ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এএসআই রফিক, কনস্টেবল মুনির খান ও কনস্টেবল বাহার আহত হন। পরে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বয়ক জাহিদুল আলম (২০), সদস্য জয়নাল আবেদীন সোহাগ (২০), জহিরুল হক মুন্না (১৮) ও রুবেলকে (১৮) পুলিশ আটক করেছে।
 
ইত্তেফাক/ইউবি