গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'হাতির ঝিলকে ঢাকার আইকন হিসেবে গড়ে তোলা হচ্ছে।' বুধবার হাতিরঝিল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, 'হাতিরঝিলে একটি উন্নতমানের কনভেনশন সেন্টার স্থাপন করা হবে। অত্যাধুনিক অপেরা হাউসও নির্মাণ করা হচ্ছে। উন্মুক্ত মঞ্চটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি শিগগিরই খুলে দেয়া হবে।' ঢাকাকে বিশেষভাবে পরিচিত করতে হাতিরঝিলে লন্ডন আই বা সিঙ্গাপুরের মতো একটি স্থাপনা নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।
ঢাকার নাগরিক জীবনে স্বস্তি প্রদানের জন্য একটি নান্দনিক ও আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে হাতিরঝিলকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, 'নগরবাসীর চলাচলের সুবিধার্থে এখানে সার্কুলার বাস সার্ভিস চালু করা হয়েছে। ওয়াটার ট্যাক্সি চালু করার ফলে খুব কম সময়ে কম খরচে জনসাধারণ ঝিলের পশ্চিম প্রান্ত থেকে বাড্ডা বা গুলশান চলাচল করতে পারে।'
এ সময় হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস