ভেড়ামারায় গৃহবধূকে চুল ছেঁটে গাছে বেঁধে নির্যাতন

ভেড়ামারায় এক গৃহবধূকে (৩৬) গাছে বেঁধে মাথার চুল ছেঁটে নির্যাতন করেছেন শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আসাদুজ্জামান বলেন, নির্যাতিত নারীর চুল ছাঁটা ও শরীরে কিছু কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আগের থেকে ভালো। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, গত ২৪ মার্চ উপজেলার গোলাপনগর বাজার এলাকায় ওই নারী নির্যাতনের শিকার হন। ওইদিন বিকালে গৃহবধূর স্বামীর বাবা-মা, চাচাত ভাই ও চাচাত দুলাভাই এবং পূর্বের স্ত্রী মিলে তাকে ঘরে আটকে চুল ছেঁটে দেন। এরপর বাড়ির পাশের একটি গাছে বেঁধে তার ওপর নির্যাতন করা হয়। প্রথমে ভয়ে প্রতিবেশীরা এগিয়ে না আসলেও পরে পথচারীরা এগিয়ে আসেন। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা নারী বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বিচার চাই।