গাজীপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত, গুলিবিদ্ধ অবস্থায় আটক ৩

গাজীপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। র‌্যাব সদস্যরা সন্দেহভাজন তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। নিহত সন্দেহভাজন ডাকাতের পরিচয় এখনো মেলেনি। আটকরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদা-মান্ডা এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)।
 
বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার  মো. মহিউল ইসলাম জানান, বুধবার রাতে একদল ডাকাত গরু নিয়ে হোতাপাড়া এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছে এমন খবরে ওই এলাকায় ব্যারিকেট দিয়ে ডাকাত বহন করা ট্রাকটিকে থামার সঙ্কেত দেয়া হয়। সঙ্কেত অমান্য করে তারা পালিয়ে যেতে থাকলে র‌্যাব তাদের ধাওয়া করে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যেতে থাকে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে ডাকাতদলের সদস্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে আটক ও একজনের লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ