এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকায় মানসিক রোগীতে পরিণত হয়েছে দুই বন্দী। এরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শফিকুল ইসলাম ওরফে স্বপন (৩৫) ও সাবেদ আলী (৪০)। পৃথক দুইটি হত্যা মামলায় স্বপন ১৭ বছর ও সাবেদ ১৩ বছর ধরে বিনা বিচারে কারাগারে বন্দী রয়েছেন। তাদের বন্দী থাকার বিষয়টি কারা কর্তৃপক্ষের মাধ্যমে সুপ্রিমকোর্টের লিগ্যাল এইডের কমিটি জানতে পারে।
আজ বৃহস্পতিবার আদালতে বন্দীদের এই তথ্য উপস্থাপনের পর আগামী ১৯ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের কেন জামিন দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে বন্দীদের তথ্য আদালতে উপস্থাপন করেন। তিনি বলেন, দীর্ঘদিন আদালতে থাকায় তারা মানুসিক রোগীতে পরিণত হয়েছে। নিম্ন আদালতে একাধিকবার হাজির করা হলেও তারা জামিন পাননি। এই বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেয়।
ইত্তেফাক/কেকে