মুরাদনগরে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে আটক ওই চিকিৎসককে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। আটক ভুয়া ডাক্তার মো. সাইদুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাটশালা গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক মো. সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে অস্ত্রোপাচারসহ নানা প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। এর আগে তার কাছে চিকিৎসা সেবা নিয়ে বেশ কয়েকজন রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদেরের ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভিযান চালায়। এ সময় ভুয়া চিকিৎসক সাইদুজ্জামানকে আটক করে আদালতের বিচারক দুই বছরের কারাদণ্ড দেয়। পরে হাসপাতালের পরিচালক গোলাম দস্তগীরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের বলেন, ‘প্রতারক চিকিৎসক সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে অপারেশনসহ চিকিৎসার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিল। আটকের পর তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ