পুলিশের ওপর হামলা করে আসামির পলায়ন, গ্রেফতার ৩

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলা করে শাহাব উদ্দিন (৩৫) নামে এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে।  
 
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চারিআনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ শাহাব উদ্দিনের বাবা আবু বক্কর সিদ্দিক (৫০), স্ত্রী রহিমা আক্তার আখি (২৪) ও বন্ধু  আবু ইউসুফকে (২৫) গ্রেফতার করেছে। 
 
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলীমুজ্জামান জানান, ওই এলাকায় শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। পরে শাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে। হামলায়  থানার এসআই আলীমুজ্জামান ও পুলিশের তিনজন সদস্য আহত হন। এ সময় শাহাব উদ্দিন হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।   পরে শাহাব উদ্দিনের বাবা আবু বক্কর সিদ্দিক, স্ত্রী রহিমা আক্তার আখি ও বন্ধু  আবু ইউসুফকে গ্রেফতার করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি