কেরানীগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে জাকির হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে হযরতপুর আলীপুর এলাকার ইটাভাড়া ব্রিজের সামনে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্ল­াহ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম বলেন, নিহত জাকির এই এলাকারই বাসিন্দা। তার বাবার নাম আবুল হাসেম। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষির জখম  দেখা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিদ্যুতের খুঁটি চাপা পড়ে পথচারীর মৃত্যু

বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাগ এলাকায় পল্ল­ী বিদ্যুতের খুঁটি বসানোর সময় তাতে চাপা পড়ে বাবুল হাওলাদার (৪৫)  নামে এক পথচারী মারা যান। নিহত বাবুল বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার মকবুল হাওলাদারের ছেলে। বাবুল তার পরিবারসহ আমিরাবাগ এলাকায় থাকতেন।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।