অগ্নিকাণ্ডের সময় বনানীর এফ আর ভবন থেকে লাফ দিয়ে পড়ে নিহত শ্রীলঙ্কান নাগরিক নিরস চন্দ্রের পরিবারের সদস্যরা ঢাকা আসছেন। গতকাল বৃহস্পতিবার কলম্বোর বাংলাদেশ মিশন বিশেষ ব্যবস্থায় তার দু’জন নিকট আত্মীয়ের ভিসা ইস্যু করেছে। গতকালই তারা ঢাকার উদ্দেশে রওয়ানা হন বলে জানা গেছে। স্ক্যানওয়েল লজিস্টিকস ঢাকা চ্যাপ্টারে কর্মরত নিরস অনেক দিন ধরে বাংলাদেশে ছিলেন।
তিনি কূটনৈতিক জোনের একটি বাসায় তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন। তার কোম্পানিও বহু বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে। জানা গেছে, সাত মাস আগে নিরসের বাবা মারা যান। ওই পরিবার এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি।
সূত্র জানায়, নিরসের খালা এবং খালাতো বোন জরুরিভিত্তিতে ঢাকা আসছেন। স্ক্যানওয়েল লজিস্টিকস এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ডি অ্যান্ডারসনসহ প্রতিষ্ঠানের দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তাও ঢাকা আসছেন। আজ তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।