প্রেম নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর উত্তরায় হকিস্টিক দিয়ে পিটিয়ে বন্ধুকে হত্যা করেছে এক সহপাঠী। নিহতের নাম আদনান (১৫)। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত আদনান পরিবারের সঙ্গে উত্তরা ১২ নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় থাকত।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে আদনানের এক সহপাঠীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিরোধ ছিল। গতকাল শুক্রবার এ বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা। সে কারণে তাকে তার সহপাঠীরা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির সামনে ডেকে নেয়। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে তার ওপর হকিস্টিক দিয়ে মারপিট করে বন্ধুরা। তার চিত্কারে আশপাশের লোকজন জড়ো হলে সহপাঠীরা তাকে ফেলে রেখে চলে যায়। সে মারাত্মক আহত অবস্থায় পরে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, হকিস্টিকে জখম হওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় আদনানকে। তখন কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।