‘সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনোই ভুলো না’ প্রতিপাদ্যে শুরু হলো দেশের ঐতিহ্যবাহী সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে এ সম্মেলন। একই সঙ্গে শুরু হয়েছে দশম সত্যেন সেন গণসংগীত উত্সব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। সম্মেলন আগামী দুই বছরের কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে আগামীকাল শনিবার শেষ হবে।
উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলন ও উত্সবের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়।
এর আগে উদীচীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলনের আনুষ্ঠানিকতা। উদ্বোধন শেষে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন। আরো বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ রায়, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ। উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। উদ্বোধনী মঞ্চেই দশম সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ও রণেশ দাশগুপ্ত জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সে সঙ্গে মোড়ক উন্মোচিত হয় উদীচীর গৌরবময় ইতিহাস নিয়ে রচিত গ্রন্থ ‘উদীচী : বিপ্লবী ঐতিহ্যের উত্তরাধিকার’।