প্রথমবারের মত ফোক গানে একসঙ্গে বিউটি-রিজভী

গীতিকার ফয়সাল রাব্বিকীনের কথায় দ্বৈতগানে কণ্ঠ দিলেন ক্লোজ-আপ ওয়ান তারকা বিউটি ও তরুণ কণ্ঠশিল্পী এমএইচ রিজভী। ‘নিশি দেখো’ শিরোনামের ফোক ধাঁচের এ গানটির সুর করেছেন লুৎফর হাসান ও সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।
 
সম্প্রতি অয়ন চাকলাদারের শান্তিনগরস্থ স্টুডিওতে এ গানটির রেকর্ড সম্পন্ন হয়। আসছে ভ্যালেন্টাইনে গানটি প্রকাশ পাবে রিজভীর প্রথম দ্বৈত অ্যালবামে। এর আগে তার ৬টি সিঙ্গেল গান প্রকাশ হয়েছে ভিডিও আকারে। এবার প্রথমবারের মত তিনটি দ্বৈত গান দিয়ে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন এমএইচ রিজভী। 
 
উল্লেখ্য, সম্প্রতি ফয়সাল রাব্বিকিনের কথায় জেকে মজলিশের সুর ও সংগীতে 'মন কেন এমন' শিরোনামের এই অ্যালবামের অন্য একটি গানে রিজভীর সাথে দ্বৈতকন্ঠে গেয়েছেন সেরা-কন্ঠ খ্যাত গায়িকা ঝিলিক।
 
‘নিশি দেখো ভোর হয়ে যায় তোমায় ভাবিয়া,তুমি বন্ধু রইলা কোথায় আমায় ছাড়িয়া’- এমন চমৎকার কথামালার এ গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে বিউটি বলেন, "অনেক সুন্দর কথায় সাজানো মাটির সুরের একটি গান। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।"
 
এমএইচ রিজভী বলেন, "এই ধরনের গানের সুরে প্রাণের স্পন্দন থাকে। অনেক যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি। গানটি আমার সঙ্গে গেয়েছে বিউটি। সে অসাধারণ গায়। গীতিকার ফয়সাল রাব্বিকিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা গানটির কথামালায় ভিন্নতা আনার জন্য। সবমিলে আমার বিশ্বাস এ গানটি সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে।"
 
ইত্তেফাক/এমএআর