তিনটি পত্রিকাকে ক্রোড়পত্র দিয়ে অনিয়মকে উত্সাহিত করা হয়েছে : ডিইউজে

যথাযথ কারণ সাপেক্ষে করা অনুরোধ উপেক্ষা করে ৩টি পত্রিকাকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯-এ তথ্য মন্ত্রণালয় কর্তৃক ক্রোড়পত্র প্রদানে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে মনে করে, এর ফলে অনিয়ম ও অপরাধের সঙ্গে জড়িত মালিকপক্ষকে উত্সাহিত করা হয়েছে। গত বুধবার ডিইউজে থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক ভোরের পাতা, দৈনিক আমার বার্তা মিথ্যা তথ্য দিয়ে ৮ম ওয়েজ বোর্ডের রেটকার্ড নিয়েছে। ৮ম ওয়েজবোর্ড অনুযায়ী বিজ্ঞাপন দর পেলেও সাংবাদিকসহ কর্মরতদের ন্যায্য পাওনাদি থেকে বঞ্চিত করছে। প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয় না। নিয়মানুযায়ী ইনক্রিমেন্টসহ অন্যান্য সুবিধাও দেওয়া হয় না। চাকরিচ্যুত বা চাকরি ছেড়ে যাওয়াদের বকেয়া ও ন্যায্য পাওনাদি এখনো পরিশোধ করা হয়নি। এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও ডিএফপি’র মহাপরিচালককে ক্রোড়পত্র না দেয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে অনিয়মের সঙ্গে যুক্ত পত্রিকাগুলোকে ক্রোড়পত্র প্রদান করে তথ্য মন্ত্রণালয় প্রমাণ করলো তাদের কারণেই সংবাদপত্র ও মিডিয়ায় কর্মরতদের সঙ্কট দূর হচ্ছে না।