দায়িত্ব নিলো এনবিএ'র নবগঠিত নির্বাহী কমিটি

রাজধানীর গুলশানের ঢাকা ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনবিএ) নবগঠিত নির্বাহী কমিটির (ইসি) কর্মকর্তারা দায়িত্ব নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেন তারা।
 
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি তার বক্তব্যে বলেন, যারা সংবাদ পরিবেশন করেন তারা যাপিত জীবনের ঘটনাবলি মানুষের কাছে তুলে ধরেন। আপনারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কিছু সামাজিক দায়িত্বও পালন করুন।
 
সাম্প্রতিক জঙ্গি হামলা ও জঙ্গিদের দমনের বিষয়ে মন্ত্রী বলেন, জঙ্গিরা কোনোভাবে ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষের মাথা নত করাতে পারবে না। মারজান চলে গেছে, টারজান থাকলে সেও যাবে। জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না।
 
গেল বছরের ২ সেপ্টেম্বর এনবিএ’র ৩য় নির্বাহী কমিটির নির্বাচন হয়। ১৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি পদে মুনিরুল ইসলাম পুনর্নির্বাচিত ও চৌধুরী দৌলত মো. জাফরী সাধারণ সম্পাদক হয়েছেন।
 
কমিটির সহসভাপতি জাভেদ কারদার, সাংগঠনিক সম্পাদক ফারাবি হাফিজ, কোষাধ্যক্ষ শরীফ উল হক।
 
উপদেষ্টা কমিটিতে রয়েছেন সাইদুর রহমান, শামসউদ্দীন হায়দার ডালিম, মুমতাহিনা রিতু, সাবিনা মেহেদী, রাশেদ কাঞ্চন ও কাওসার মাহমুদ।
 
ইত্তেফাক/এএম