সান্টি কাজোরলা ও পার মারটেসাকারের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।
৩২ বছর বয়সী কাজোরলার লা লিগায় ফেরার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে দলে নিতে বেশি আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে মারটেসাকারের জন্য সাবেক ক্লাব ওয়ের্ডার ব্রেমেন ও হ্যানোভার বেশি আগ্রহ দেখিয়েছে। যদিও ওয়েঙ্গারের ইচ্ছা অভিজ্ঞ এই দুই খেলোয়াড়কে অন্তত আরো এক বছরের জন্য এমিরেটসে রেখে দেয়ার।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েঙ্গার বলেছেন, কাজোরলা ও মারটেসাকারের চুক্তি নবায়নের বিষয়টি তাদের ফিটনেসের ওপর নির্ভর করছে না। আমাদের হাতে দুজনকেই রেখে দেবার সুযোগ রয়েছে, আশা করছি তারা সেটা গ্রহণ করবে। আমরা তাদের দক্ষতার কারণেই আমাদের সাথে রাখতে চাই। দলে অভিজ্ঞ ও তারুণ্যের ভারসাম্যটা জরুরি। সে কারণেই প্রতিটি খেলোয়াড়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
যদিও এই মুহূর্তে দুইজনেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। তবে খুব দ্রুতই কাজোরলা দলে ফিরছেন বলে ইঙ্গিত রয়েছে। ওয়েঙ্গার অবশ্য জানিয়েছেন, ৩২ বছর বয়সী ডিফেন্ডারের ফিরতে আরো কিছুটা সময় লাগবে। কাফ ইনজুরির কারণে মারটেসাকার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন।-বাসস।
ইত্তেফাক/এএসএস