আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।'
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আগুন সন্ত্রাসী ও পেট্রোল বোমা হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, 'যারা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন। যেখানে জঙ্গিবাদ দমনে বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত, বিষয়টি বিএনপির কাছে ভালো লাগছে না। তাই বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলছে।'
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন। -বাসস।
ইত্তেফাক/এসএস