আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, 'বিএনপি-জামায়াত দেশের অশুভ শক্তি। তারা পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে কাজ করছে। তারা সেদেশের এজেন্ট হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়।'
এসময় তিনি বলেন, 'বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার বড় কারণ হল নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়া। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত নির্বাচনে অংশ নেয়ার জন্য অযোগ্য বিবেচিত হয়।'
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রতিহতের নামে তারা সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল।'
মাহবুব-উল-আলম হানিফ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ার ইকবাল সান্টু, মো. হারুন-অর-রশিদ ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক।
ইত্তেফাক/এসএস