ইয়েমেনের সহিংসতায় নিহত ১৭

ইয়েমেনের সরকারি বাহিনী শনিবার লোহিত সাগর উপকূলে বিদ্রোহীদের কয়েকটি অবস্থানে হামলা চালালে সৃষ্ট সংঘর্ষে ৬ সেনা ও ১১ বিদ্রোহী নিহত হয়। সরকার অনুগত বাহিনীর একজন কমান্ডার এ কথা জানান।
 
ইয়েমেন সরকার এডেনে অবস্থিত সদর দফতর থেকে সেনা পাঠানোর পর বাব আল-মাদাব প্রণালীর মাত্র ২০ কিলোমিটার দূরে উপকূলীয় জুবাব জেলায় এ হামলা হয়। ইয়েমেন সরকার ও এর সৌদি নেতৃত্বাধীন জোটভুক্ত মিত্র দেশগুলো ২০১৫ সালের অক্টোবরে এই প্রণালীটি পুনর্দখল করে নেয়। তবে বিদ্রোহীরা এখনো ইয়েমেনের উত্তরাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে থাকে।
 
কোয়ালিশনের ভাষ্যমতে এটি আরব সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটি হুমকি। গত সেপ্টেম্বর ও অক্টোবরে জোটের সাথে চুক্তিবদ্ধ দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
 
ওই কমান্ডার জানান, বিদ্রোহীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সরকার অনুগত বাহিনী তাদের অবস্থান থেকে হটাতে ব্যর্থ হয় এবং সংঘর্ষে উভয় পক্ষের বহুসংখ্যক আহত হয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপের পর থেকে ইয়েমেনের সংঘর্ষে এ পর্যন্ত ৭ হাজারের অধিক লোক নিহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ