রাজধানীতে আদনান হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী আদনান (১৪) হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত দুইজনই তার সহপাঠী শিক্ষার্থী। 
 
তারা হলেন- সাফাত জাকির (১৫) ও নাসির মো. আলম (১৭)। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের সোপর্দ করে। পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। 
 
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদনান কবিরের সহপাঠিরা উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর ১৭ নম্বর রোডে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করে। এ খুনের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
 
উত্তরা পশ্চিম থানার ওসি ওসি আলী হোসেন খান ইত্তেফাককে বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত নাসির মো. আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর সাফাত জাকিরকে (১৫) জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। 
 
ওসি আলী হোসেন খান আরো জানান, উত্তরা এলাকার টিনএজ বাচ্চাদের মধ্যে ফেসবুকে পেজ ও গ্রুপ চালায় স্থানীয় কয়েকজন বখাটে ছেলে। এই গ্রুপে বিভিন্ন ধরনের আলোচনা ও বাজে ধরনের মন্তব্য করা হয়। সেরকম দুটি পেজের সদস্যদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে এর পেছনে আরো অন্য কোন কারণ বা নেশার আসক্তির কোন ব্যাপার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
 
আসামিদের গ্রেফতারের ব্যাপারে ওসি আলী হোসেন খান জানান, খুনের ঘটনার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ শুক্রবার রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টর সহ আশপাশ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নিহত শিক্ষার্থী আদনান কবিরের দুই সহপাঠী শিক্ষার্থীকে গ্রেফতার করেছেন। খুনের ঘটনার সাথে যারা জড়িত আছে এবং মামলার বাকী আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
 
নিহতের পরিবার ও এলাকাবাসীদের ধারণা, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও ফেসবুক পেজ নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনাটি ঘটেছে।
 
ইত্তেফাক/এমআই