সৌদি আরবের মক্কায় সিডর কোম্পানির শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুইজন।
এরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাব গ্রামের নান্নু মিয়ার ছেলে মো. আরিফ সিকদার (২৯) এবং ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী গ্রামের মৃত চান মাহমুদের ছেলে মো. আরিফ।
নিহতের পরিবার জানায়, গত ২৯ ডিসেম্বর সৌদি আরবে মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন দুই আরিফসহ ৫ বাংলাদেশি। তাদের মধ্যে মো. আরিফ ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় গত ৪ জানুয়ারি সৌদি আরবের আল নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ সিকদার।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে উন্নতজীবনের আশায় বিদেশে পাড়ি জমায় আরিফ সিকদার। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। তার স্ত্রী নাম রোজিনা বেগম। তাদের ঘরে রয়েছে ওয়াসীম (৯) নামে এক ছেলে ও আখি (২) নামে এক মেয়ে রয়েছে। ছেলে স্থানীয় সানরাইজ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
আরিফের স্ত্রী রোজিনা বেগম জানান, আরিফের স্বপ্নছিল প্রবাস থেকে ফিরে পোল্ট্রি ব্যবসা করবে। পরিবারের সকলকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বপ্ন বিলীন হয়ে গেল। আরিফ সিকদারের মা রেখা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, 'সর্বনাশা গ্যাসের আগুন আমার সাজানো সংসার আগুনে পুড়ে ছাই করে দিল।'
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত একই উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী গ্রামের চান মাহমুদের ছেলে আরিফ হোসেন। জীবন-জীবিকার তাগিদে সংসারের টানাপোড়ন দূর করতে সৌদি আরব পাড়ি জমায় আরিফ। নানা টানাপোড়নে থাকার পরও পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে দিনাতিপাত করছে তার পরিবার।
আরিফের ভাই জানায়, এ বছরই তার বাড়ি ফিরে আসার কথা ছিল তার। বাড়িতে এসে বিয়ে করে নতুন সংসার গড়ার স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল।
নিহত উভয় পরিবারের লোকজন নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
ইত্তেফাক/এসএস