নড়াইলে ইটভাটায় শিশুদের করান হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ

নড়াইলের ইটভাটাগুলোতে শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শিশু শ্রমিক দিয়ে এ সকল ইটভাটায় ঝুঁকিপূর্ণ কাজ করানো হলেও অজ্ঞাত কারণে শিশু শ্রম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন নীরব ভূমিকা পালন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 
নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন ইটভাটায় চলতি মৌসুমে ৬ থেকে ১১ বছরের শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এসব কাজে নিয়ে যাওয়া হয়েছে ৪ শতাধিক শিশুকে। কিছু অসাধু শ্রমিক সরদারের খপ্পরে পড়ে গরিব ও অসহায় পরিবার অর্থের লোভে স্কুল পড়ুয়া শিশুদের ইটভাটার কাজে পাঠাচ্ছে। এতে শিশুরা একদিকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে ভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
 
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি হিসাব অনুযায়ী জেলায় ৪২টি ইটভাটা রয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জেলায় মোট ইটভাটার সংখ্যা ৭২টি। যার মধ্যে ৫৩টি ভাটায় রয়েছে ব্যারেল চিপনি যা সম্পূর্ণ অবৈধ। আর এ সকল ভাটায় ৪ শতাধিক শিশু কাজ করে বলে অভিযোগ রয়েছে।
 
স্থানীয় বিবিআই ব্রিকস ভাটার মালিক অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর (নজরুল) বলেন, আমার ভাটায় কোনো শিশু শ্রমিক নেই। যাদের আপনারা দেখেছেন তারা আমার ভাটার শ্রমিকদের ছেলে-মেয়ে। শিশুদের আমরা শ্রমিক হিসেবে নিয়োগ দেই নাই।
 
নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরিফ বলেন, এ ধরনের কোনো অভিযোগ আগে আমার কাছে আসেনি। তবে এর সত্যতা পেলে শিশু শ্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ইটভাটায়ই শিশু শ্রমিক থাকবে না।

ইত্তেফাক/এএন