৩ ঘন্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল নয়টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রসঙ্গত, এর আগে ভোর পাঁচটা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস ঘন কুয়াশায় বন্ধ হয়ে যায়। এই সময় ধরে কনকনে শীতে যানবাহনসহ পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। ফেরিতে থাকা যাত্রীদের অবর্ণণীয় দুর্ভোগ পোহাতে হয়। দুই পাড়ে  পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যান।
 
এদিকে তিনটি রো রো ফেরিতে রাডার লাগানো হয়েছে। রাডারের মাধ্যমে রবিবারও কুয়াশার মধ্যেও রোরো ফেরি শাহ মখদুম এবং শাহ পরান চলাচল করেছে। এছাড়া শিমুলিয়ায় চারটি রো রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। এরমধ্যে শুধু তিনটি রোরো ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। রো রো ফেরি বীর শ্রেষ্ঠরুহুল আমিনে রাডার থাকলেও চ্যানেলে পানি কম থাকায় এটি চলাচল করছে না। পানি কম থাকার কারণে এটি জোয়ার ধরে চলাচল করছে। এছাড়া অপর রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর আলমে রাডার এখনও স্থাপন করা হয়নি। অপর ফেরিগুলোতেও পর্যায়ক্রমে রাডার স্থাপন করা হবে।
 
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান,  বেশ কিছুদিন ধরেই কুয়াশায় এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ভোরে দুই পাড়ে পরিষ্কার থাকলেও চ্যানেলে আকস্মিক কুয়াশায় ঢাকা পরে ফেরি রুট। বয়াবাতি কিছুই দেখা যাচ্ছে।তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এছাড়া রাডারে দুইটি রোরো ফেরি কুয়াশায়ও চলাচল করতে সক্ষম হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ