অধিনায়ক মিসবাহ-উল হকের অবসর নিয়ে পাকিস্তান ক্রিকেটে সাবেকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানের কোন কোন সাবেক তারকা ক্রিকেটার শনিবার মিসবাহ-উল হককে অবসর নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে অনেকেই এ মুহূর্তে মিসবাহর বিকল্প দেখছেন না।
অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার জন্য তার দুর্বল ব্যাটিং ও অধিনায়কত্বকে দায়ী করে মিসবাহকে অবসর নেয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী (৪২ বছর) বয়সী ক্রিকেটার মিসবাহর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ২২০ রানে পরাজিত হয় পাকিস্তান। পুরো সিরিজে ৭৬-এর মধ্যে শেষ ইনিংসে তিনি করেন ৩৮ রান।
তিন ম্যাচ সিরিজে ১৯৯৯ সালের পর এটি ছিল পাকিস্তানের একনাগাড়ে চতুর্থ হোয়াইটওয়াশ এবং একনাগাড়ে দ্বাদশ পরাজয়।
গত সপ্তাহে দ্বিতীয় ম্যাচে পরাজিত হওয়ার পর মিসবাহ অবসর নেবে না বলে কেউ কেউ জানিয়ে ছিলেন। তবে তৃতীয় ম্যাচে পরাজয়ের পর মিসবাহ জানিয়েছেন- নিজের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি কিছুটা সময় নেবেন।
ইংল্যান্ড সফরে ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। সেই টালমাটাল অবস্থায় পাকিস্তান দলের অধিনায়কত্ব গ্রহণ করেন মিসবাহ। এরপর ৫৩ টেস্টে নেতৃত্ব দিয়ে ২৪টিতে দলকে জয় এনে দেন মিসবাহ। বাকি ১৮টিতে পরাজিত ও ১১ টেস্ট ড্র করেন।
নিরাপত্তা শঙ্কায় নিজ মাঠে কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারলেও তার নেতৃত্বেই গতবছর সংক্ষিপ্ত সময়ের জন্য টেস্ট র্যাকিংয়ের শীর্ষস্থান দখল করে পাকিস্তান। বাসস।
ইত্তেফাক/আরএ