গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক একটার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাকে পৌর শহরস্থ নিজ বাড়ি থেকে আটক করে। থানায় দীর্ঘ তিনদিন জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি লিটন তার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে গত ১ জানুয়ারী পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিসহ আরো অনেকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন হত্যাকাণ্ডের মূল রহস্য ও আসামি গ্রেফতারে মরিয়া হয়ে উঠে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ