ববি চার্লটনকে ছুঁয়ে 'সম্মানিত' রুনি

ম্যাচের সাত মিনিটে ১৮ গজের বক্সের মধ্যে হুয়ান মাতা তার উদ্দেশ্যে বাড়ালেন একটি উঁচু পাস। বল মাটিতে পড়ার আগেই তার ডান পায়ের টোকায় তা বিপক্ষের জালে জড়িয়ে গেল। আর এর মধ্য দিয়ে নতুন এক কীর্তি ছুঁলেন ওয়েন রুনি।
 
শনিবার রেডিংয়ের বিরুদ্ধে এফএ কাপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ড সাক্ষী হল নতুন ওই কীর্তির। কীর্তিটা হলো ম্যানচেস্টার ইউনাইটডের সর্বোচ্চ গোলদাতা স্যার ববি চার্লটনকে (২৪৯ গোল) ছুঁলেন রুনি।
 
এই রেকর্ড স্পর্শ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুনি জানালেন, খুব সম্মানিত বোধ করছেন তিনি। শিগগিরই ববি চার্লটনকে ছাড়াবেন বলেও ঘোষণা দিলেন।
 
ম্যাচের পর রুনি আরও বললেন, 'স্যার ববি চার্লটনের পাশে আমার নাম থাকা গর্বের বিষয়।' চার্লটন ২৪৯ গোল করেছিলেন ৭৫৮ ম্যাচে, রুনির লাগল ৫৪৩টি ম্যাচ।
 
ওই রেকর্ড স্পর্শের পর পরই রুনিকে অভিনন্দন জানাতে ভিআইপি বক্সে উঠে দাঁড়ালেন আলেক্স ফার্গুসন। ৭৯ বছরের চার্লটনকেও দেখা গিয়েছে হাততালি দিতে।
 
১২ বছর আগে আলেক্স ফার্গুসন-ই এভার্টন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে এসেছিলেন ১৮ বছরের রুনিকে। ওই সময় ম্যান ইউ'তে ছিলেন ববি চার্লটনও।
 
রেডিং’কে চার গোলে হারিয়ে টানা আট ম্যাচে অপরাজিত ম্যান ইউ। রুনি ছাড়া জোড়া গোল করলেন র‌্যাশফোর্ড। আর একটি গোল অ্যান্থনি মার্শালের।
 
ইত্তেফাক/এএম