শিগগিরই আসছে নাগোট চালিত 'নকিয়া ৬'

চলতি বছরের প্রথম প্রান্তিকের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নাগোট চালিত 'নকিয়া ৬' নামের স্মার্টফোন বাজারে আনতে চলেছে এইচএমডি গ্লোবাল। তবে ডিভাইসটি প্রাথমিকভাবে আসবে চীনের বাজারে।
 
জানুয়ারির শুরুতেই চীনে নকিয়া ৬ আনছে এইচএমডি গ্লোবাল, যা চীনের ই-কমার্স সাইট জিডি ডটকমের মাধ্যমে বিক্রি করা হবে। এই ডিভাইসের দাম হবে ১ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ২০০ টাকা।
 
এছাড়াও আরও কিছু ডিভাইস আনবে এইচএমডি গ্লোবাল। তবে ডিভাইসগুলো চীনের বাজারের বাইরে কবে আসবে তা জানায়নি তারা।
 
এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের নাম ব্যবহার করে ডিভাইস উৎপাদন ও বিক্রির স্বত্ব পেয়েছে। আর তা পেয়েই প্রত্যাশার চেয়েও আগেভাগে নকিয়া ফোন বাজারে আনতে উদ্যোগী হয়েছে তারা।
 
ডুয়াল সিম সমর্থিত নকিয়া ৬ ফোনে থাকবে ১০৮০*১৯২০ পিক্সলের ৫ দশমিক ৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি ডিসপ্লে, ২.৫ডি বাঁকানো ডিসপ্লের সুরক্ষা দেবে কোটিং ও কার্নিং গরিলা গ্লাস ৩, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম, মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি।
 
ইত্তেফাক/এএম