হাতিয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, চিকিৎসকের উপর হামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মুত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে।
 
রবিবার দুপুর ১২টার দিকে শিশুর আত্মীয় স্বজনরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর এবং পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে আহত করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ এসে মিরাজ উদ্দিন (৪০) ও ইসমাইল হোসেন(৩৫) নামে দুই সহোদরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
 
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: নাজিম উদ্দিন জানান, গত ৫ জানুয়ারি চরকিং ইউনিয়নের দ:গামছাখালী গ্রামের ইব্রাহীম হোসেনের ১০ মাস বয়সী তামজিদ হোসেন নিমোনিয়ায় ও ডায়রিয়ায় আত্রুান্ত হলে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে হাসপাতালের ডা. শহীদুল ইসলাম সৈকত শিশুটিকে যথারীতি চিকিৎসা দিয়ে আসছেন। কিন্তু রোগীর অবস্থা অবনতি হলে রবিবার সকালে ডা. শিশুকে একটি ইনজেকশন পুশ করেন এবং পরবর্তী সময়ে সে মারা যায়। এরপর স্বজনেরা এসে হামলা চালায়।
 
এদিকে শিশু তামজিদের বাবা ইব্রাহীম হোসেনের অভিযোগ, চিকিৎকদের অবহেলা ও ভুল চিকিৎসায় তার সন্তান মারা যায়। পরে পুলিশ এসে উল্টো তার দুই আত্মীয়কে আটক করে থানায় নিয়ে যায়।
 
ইত্তেফাক/এএসএমইউ