মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষকরা অধ্যক্ষের অপসারণ দাবি করেন। রবিবার হাইকোর্টের সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে  অভিযোগ করা হয়, গত ৪ মাস যাবৎ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এর নেপথ্যে রয়েছে বর্তমান অধ্যক্ষ। দুর্নীতি দমন কমিশনের তদন্তের মাধ্যমে অধ্যক্ষের আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যাবে বলে জানান শিক্ষকরা।   
 
আবু হায়দার আলী নামে এক শিক্ষক জানান, অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০১১ সালের ২২ জুন শিক্ষা মন্ত্রণালয় বদর উদ্দিন হাওলাদারকে বরখাস্তের আদেশ দেয়। আদেশে বদর উদ্দিন হাওলাদারের স্বাক্ষরে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা না করার এবং এমপিও শিটে তার স্বাক্ষর গ্রহণ না করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘ ৬ বছরের অধিক সময় তিনি অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। 
 
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, দুদক, ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা শিক্ষা অফিসারের নিকট ১৫১ জন শিক্ষকের স্বাক্ষর পাঠানো হয়েছে, যাতে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই