এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে। তারা সল্প সময়ের মধ্যে রিপোর্ট দিবে। এটা আমার মতে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। তদন্ত প্রতিবেদনে হত্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

 

শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

 

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘রাজউকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আর রাজউক তিন সদস্য কমিটি গঠন করেছে। আমরা তথ্য পেয়েছি- এই ভবনটি ১৮ তলা নির্মাণের জন্য প্লান পাস হয় ১৯৯৬ সালে। কিন্ত ২০০৫ সালে এসে একটা কপি দাখিল করা হয় যে, ভবনটি ২৩ তলা হয়েছে। সেটাকে সন্দেহ করে কারণে তদন্ত করা হয়। সেই তদন্তে দেখা যায় যে, কপি তারা দাখিল করেছে সে সম্পর্কে রাজউকের রেজিস্টারে কোনো তথ্য নেই। কাজেই পরে তারা যে নকশা দাখিল করেছে সেটা সঠিক নয়, মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে তারা এই ভবন নির্মাণ করেছে।

 

তিনি আরো বলেন, সেই সময় রাজউকের যিনি চেয়ারম্যান ছিলেন ও কর্মকর্তা ছিলেন আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। এই নকশা অনুমোদনের সময় কোনো ব্যত্যয় ঘটেছে কি না ও মূল নকশা ছাড়া এটা তৈরি হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। হয়ে থাকলে এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরমাল রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাতে তারা আইনের ফাঁক গুলিয়ে পালাতে না পারে। ভবনের সঙ্গে জড়িতদের লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।

আরো পড়ুন : অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় কমিশন গঠন করা উচিত : কামাল হোসনে

মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন প্রকাশিত করবো প্রকাশ্যে। এটা আমার মতে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। তদন্ত প্রতিবেদনে হত্যা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক, যারা অননুমোদিত বিল্ডিংয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইত্তেফাক/ইউবি