পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছন। রবিবারের দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন।
 
স্থানীয় সংবাদমাধ্যম সামা নিউজ জানায়, পাঞ্জাবের সোহাওয়া এলাকায় একটি কার ও একটি যাত্রিবাহী ভ্যানের সংঘর্ষে ১৪ নিহত ও অপর ৯ জন আহত হয়।
 
পুলিশ জানায়, পাঞ্জাবের প্রধান গ্রান্ড ট্রাঙ্ক রোডে একটি প্রাইভেট কারের চাকা বার্স্ট হয়ে পাশ দিয়ে যাওয়া একটি যাত্রিবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের ৮ জন পুরুষ, ৪ জন নারী ও দুটি শিশু।
 
পাঞ্জাবের সাহিওয়াল জেলায় অপর এক পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। অতিরিক্ত গতিতে চলমান একটি বাস একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের উদ্ধারকারী টিমের সদস্যরা পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেছে।
 
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ দুই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। পাকিস্তান টুডে ও এএফপি
 
ইত্তেফাক/এমএইচ