'বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই।' মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার দুপুরে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, এসবি'র অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক এস,এম আলম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় ৫২তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছেন বলে জানিয়ে তিনি বলেন, 'আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত চৌকস। এখনও পর্যন্ত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা সব সময় প্রস্তুত আছি। আশা করি, কোন ধরনের অসুবিধা হবে না।'
 
ইজতেমা মাঠের ভেতরে ও বাহিরে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ, আনসার সদস্য, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন বাহিনীর লোকজন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস