শিল্পী সারাহ হোজ্জাতি একজন স্বশিক্ষিত শিল্পী। খুব অল্প বয়স থেকে ছবি আঁকা শুরু করেন। শিল্পী বলেন, আমি ছবি আঁকা কোথাও শিখিনি।
পঞ্চদশ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের অংশ হিসেবে গ্যালারি শিল্পাঙ্গন ও রেইনবো ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। গতকাল রবিবার বিকালে ‘মাই ড্রিম ওয়ার্ল্ড’ শীর্ষক তার ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পীর রফিকুন নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি রবিউল হুসাইন ও সদস্য মফিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনেরপরিচালক রুমী নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সারাহ হোজ্জাতি। রফিকুন নবী বলেন, শিল্পী তার মনের ফ্যান্টাসি তুলে এনেছেন ক্যানভাসে। তিনি দেশ সমাজের বাইরে এক কল্পনার জগতে বিচরণ করেন তার পরিচয় মেলে ক্যানভাসে। রবিউল হুসাইন বলেন, রেইনবো ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার ৪০ বছর ও উত্সব আয়োজনের ২৫ বছর উদ্যাপন করছে। সেই উদ্যাপনের অংশ হিসেবেই গ্যালারি শিল্পাঙ্গনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মফিদুল হক বলেন, ইরানের শিল্পের ঐতিহ্যের ধারা খুব প্রাচীন। সেই ধারার বর্তমান প্রজন্মের শিল্পী সারাহ্। যিনি নিজের স্বপ্নময়তার প্রকাশ করেছেন ক্যানভাসে। প্রদর্শনীতে অ্যাক্রেলিক ও জলরং মাধ্যমে মোট ৩০টি ছবি স্থান পেয়েছে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
জয়নুলে বলদেব অধিকারীর চিত্রপ্রদর্শনী শুরু
চিত্রকলায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলদেব অধিকারীর। তার আঁকা গ্রামীণ জীবনের কিছু চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো ১৭তম একক শিল্পকর্ম প্রদর্শনী।
গতকাল রবিবার বিকালে চারুকলার জয়নুল গ্যালারি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। এক সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন মইনুদ্দিন খালেদ। সভাপতিত্ব করেন অধ্যাপক নিসার হোসেন।
ক্যানভাসে অ্যাক্রেলিক রঙে আঁকা ২৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি
লোকসংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমী। সংগঠনটি পদার্পণ করেছে ১৪ বছরে। রবিবার আনন্দ আয়োজনে উদ্্যাপিত হলো ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। পৌষের সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানের সুরে, নৃত্যের ছন্দে ও বিশিষ্টজনদের আলোচনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্মরণ করা হয় ওস্তাদ মোমতাজ আলী খানকে। অনুষ্ঠানে সঙ্গীতজ্ঞ সুধীন দাস, কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও মিনা বড়ুয়া এবং মরণোত্তর বিপুল ভট্টাচার্যকে একাডেমি পদক প্রদান করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কণ্ঠশিল্পী রুপু খান।
স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকী
নৃত্য সংগঠন স্পন্দনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নূপুরের ছন্দে ছন্দে ছিল শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। তবে এসব কিছু ছাপিয়ে একটা মানুষ হয়ে উঠলেন আয়োজনের মধ্যমণি। তিনি নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু। কৃতী এই ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান ছাড়াও স্পন্দনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণও ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে। গতকাল রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে বসে এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জাদুঘরে নাহিদ নাজিয়ার একক গান
স্বনামধন্য শিল্পী নাহিদ নাজিয়ার একক গানের আসর বসেছিল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন শিল্পী।
ইত্তেফাক/এএন