আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্লাটফর্ম। গতকাল রবিবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত তেজগাঁও কলোনি মার্কেট প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হতে পারে। কিন্তু সমর্থনে তারা কম নয়। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েও তারা কম ভোট পায়নি। তিনি বলেন, আমরা সব বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অরাজনৈতিকভাবে নয়। আওয়ামী লীগ নিয়ে ওবায়দুল কাদের তার ভবিষ্যত্ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, আমার এখন লক্ষ্য হচ্ছে দল গোছানো। কর্মীদের একত্রিত করা, দলকে সুশৃঙ্খল করা।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর নতুন কোনো প্রকল্পের দরকার নেই। চলমান প্রকল্পগুলো শেষ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।’ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে নেতা-কর্মীদের সহযোগিতার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দুই মেয়র খুবই উদ্যোগী এবং উদ্যমী। তারা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুরোধ করব, মেয়রদের আপনারা সহযোগিতা করুন। জনসভায় মিছিলসহকারে যাওয়ার সময় নেতা-কর্মীদের সংযমী হওয়ারও পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি অনুরোধ করব, মিছিলের উত্তেজনায় জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ সফি, সাধারণ সম্পাদক কাজী রেজাউল রেজা, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতুর কাজের ৪০ ভাগ সম্পন্ন
২০১৮ সালে শতভাগ শেষ হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর শতভাগ কাজ সম্পন্ন হবে। গতকাল রবিবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।
ইত্তেফাক/এএন