বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করুন :প্রধান বিচারপতি

বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, আমি চাই বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা হোক। যাতে আমরা আমাদের নিজেদের ভুল ভ্রান্তিগুলো দেখতে পারি। কিন্তু আমরা দেখছি বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা নেই। না জেনে না বুঝে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। একটি রায়ের বিষয়ে আমাদের গণতন্ত্র হত্যাকারী বলা হয়। কিন্তু আমরা কিভাবে গণতন্ত্র হত্যা করলাম তার সুনির্দ্দিষ্ট কোন ব্যাখ্যা নেই। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ‘বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

 
প্রধান বিচারপতি বলেন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা অবসরে যাওয়ার পর একটি গ্রন্থাগার গড়ে তোলার কথা বলেছেন। আমেরিকার অবসরে যাওয়া প্রেসিডেন্টদের জন্য এটি একরকম প্রথায় পরিণত হয়েছে। আমি নিজেও একটি পাবলিক লাইব্রেরি করছি। এই লাইব্রেরিতে ইতিমধ্যেই ২০ থেকে ২৫ লাখ টাকার বই কিনেছি। সারা জীবনের যে আয় সেখান থেকে নিজের খরচ বাদ দিয়ে বাকিটা লাইব্রেরির পেছনে খরচ করবো। আমি আশা করবো অন্য বিচারকরাও অবসরে যাওয়ার পর লাইব্রেরি গড়বেন। তিনি বলেন, আমাদের অনেক আইনজীবী আইন সংক্রান্ত বিভিন্ন বই লিখেছেন। ভালো আইনজীবী হতে হলে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আপনারা বেশি করে বই পড়ূন এবং আমাদের ঘোষিত রায় নিয়ে আপনারা গঠনমূলক লেখা লিখুন। ‘আল গোর বনাম জর্জ বুশ’ এর নির্বাচন নিয়ে ‘সুপ্রিম ইন জাস্টিস’ শিরোনামে লেখা বইটি আমেরিকাসহ সারা বিশ্বে বেস্ট সেলিং হয়েছিল বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এই বই মেলার আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/এএন