জেলায় নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি থেকে অবৈধভাবে চুপিসারে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারের কাছে অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটির আঙিনার একটি মেহগনি গাছ গত শুক্রবার সকালে কেটে ফেলা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কে বা কারা গাছটি কেটেছে তা জানা যায়নি। আবদুস সামাদ একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিউল্লাহ চৌধুরী এ বিষয়ে বলেন, গাছটির কারণে বিদ্যালয় ভবনের বারান্দা তৈরি করা যাচ্ছিল না। তাই সেটি কেটে ফেলার জন্য পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে সভা করে মতামত নিয়েছি। গাছ কাটতে ছুটির দিন বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, কমিটির সভায় গাছ কাটার রেজুলেশন হয়েছে; কিন্তু গাছ কবে কাটা হবে তা তিনি জানেন না। পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, গাছ কাটা নিয়ে মৌখিক আলোচনা হলেও লিখিত কোনো সিদ্ধান্ত (রেজুলেশন) হয়নি। পর্ষদের শিক্ষানুরাগী সদস্য মাহমুদুল হাসান বলেন, নিয়ম অনুযায়ী গাছ কাটতে হলে উপজেলা পরিবেশ ও বন কমিটির অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। তবে পরিচালনা পর্ষদের কেউ অনুমতি নেওয়ার বিষয়ে কিছু বলতে পারেননি।
প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. সামছুল বারী বলেন, প্রতিষ্ঠানের গাছ কেটে কেউ হয়তো ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইছে। তাই ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের সবুজ পরিবেশ ধ্বংস করার এখতিয়ার কারো নেই।
ইত্তেফাক/এএন